দুই সাংবাদিককে বাইকচাপার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

রাজধানীর পরীবাগে বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শেখ জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খানকে মোটরসাইকেল চাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগীরা। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

জাহাঙ্গীর জানান, গতকাল সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টার থেকে মোটরসাইকেলযোগে পান্থপথে কর্মস্থল যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন সাজ্জাদ। এ সময় পরীবাগের রাস্তার বিপরীত দিক থেকে আসা পুলিশের একটি বাইক তাদের ধাক্কা দেয়। একবার ধাক্কায় দেওয়ার পর ফের ইচ্ছাকৃত তার পায়ে চাপা দেয়। প্রতিবাদ করলে তাকে লাথি মারেন; অকথ্য ভাষায় তাদের গালি দেন। পরে চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। ওই ব্যক্তি পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর হলো- ঢাকা মেট্রো হ-১২-৭৫০৫।