আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নবাগত নাইজেরিয়া অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৪৬ বল খেলে হারিয়ে দিয়েছে তারা!
দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সোমবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে ১০ উইকেটে হারায় অজি যুবারা। মাত্র ৪৬ বল খেলে বিনা উইকেটে জয়ের জন্য ৬২ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬১ রান করে নাইজেরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন ওলাইনঙ্কা ওলালেয়ে। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে লেগ স্পিনার তানভির সাঙ্গা ১৪ রানে ৫টি উইকেট নেন! তিন উইকেট নেন ব্র্যাডলি সিম্পসন।
জবাবে ৭.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। স্যাম ফ্যানিং ৩০ ও জ্যাক ফ্রেশার-ম্যাকগুর্ক ২৩ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ।
এক ম্যাচ খেলে জয় নিয়ে ২ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।