ওয়াহাব-আমিরকে বাদ দেওয়ায় বিস্মিত ইনজামাম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে দুই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে না রাখায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

সাবেক তারকা এই ব্যাটসম্যানের মতে, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন ওয়াহাব ও আমির। তাদের অভিজ্ঞতা থেকে সুবিধা নিতে পারে পাকিস্তান।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গত বৃহস্পতিবার দল ঘোষণা করেন প্রধান কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। পনেরো সদস্যের দলে রাখা হয়নি ওয়াহাব ও আমিরকে।

এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে ইনজামাম বলেন, “আমি কিছু সিদ্ধান্ত বুঝতে পারছি না। ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে বাদ দেওয়া উচিত হয়নি। তারা দু’জনই অভিজ্ঞ। সংক্ষিপ্ত ফরম্যাটে বোলিংয়ে তারা বেশি ভালো। ...দু’জনই সিনিয়র। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় তাদের কাছ থেকে নির্বাচকরা সুবিধা নিতে পারত।”

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দলে অনেক পরিবর্তন আনায়ও কিছুটা বিস্মিত হলেও সিনিয়র ও জুনিয়রের মধ্যে বিশ্রণ রাখার ব্যাপারটা ইতিবাচক দেখছেন ইনজামাম।

“আমি মনে করি না, একটা ফরম্যাটে এত পরিবর্তন আনার দরকার আছে। আমার বিশ্বাস, এই দলটা সিনিয়র ও জুনিয়রদের মধ্যে একটা সংমিশ্রণ। অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে ফেরানোটা ভালো সিদ্ধান্ত। ফাস্ট বোলার হারিস সোহেলকে নেওয়াটাও ভালো সিদ্ধান্ত। ব্যাটসম্যান আহসান আলি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে। তাকে নেওয়াটাও ভালো সিদ্ধান্ত।”