স্ত্রী-ছেলের কাছে কানাডায় ফিরলেন প্রিন্স হ্যারি

কানাডায় অবস্থানরত স্ত্রী মেগান মার্কেল ও ছেলে অর্চির সঙ্গে যোগ দিতে সোমবার যুক্তরাজ্য ত্যাগ করেছেন প্রিন্স হ্যারি।

রাজপরিবারের নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে এ দম্পতি তাদের নতুন জীবনযাপন শুরু করেছেন সম্প্রতি। ব্রিটেনের সংবাদমাধ্যম এ কথা জানায়।

ডিউক অব সাসেক্স সোমবার সন্ধ্যায় কানাডার উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করেন। রাজপরিবারের একজন দায়িত্বশীল হিসেবে চূড়ান্ত সরকারি দায়িত্ব পালনের পর তিনি কানাডার উদ্দেশে রওনা দেন।

ট্যাবলয়েড সান জানায়, হ্যারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ভ্যানকুভারের উদ্দেশে সন্ধ্যা সাড়ে পাঁচটার ফ্লাইটে উঠেন এবং তিনি কানাডায় থাকা তার স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রাণী দ্বিতীয় এলিজাবেথের নাতি লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। সেখানে মালাবি ও মোজাম্বিকের প্রেসিডেন্ট ও মরক্কোর প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সময় তাকে উৎফুল্ল দেখা গেছে।

এ ছাড়া হ্যারি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও প্রায় ২০ মিনিট ধরে অনানুষ্ঠানিক বৈঠক করেন।