আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে অপশাসন ও স্বৈরশাসনকে জবাব দেওয়ার বড় সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের পক্ষে মঙ্গলবার ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে এক পথসভায় তিনি এ কথা বলেন।
ড. মোশাররফ বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাকের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
গোটা ঢাকার শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এই ধানের শীষ মার্কা জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা দেশনায়ক তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘দেশে আজকে যে অন্যায়-অত্যাচার, নির্যাতন-অপশাসন ও স্বৈরশাসন চলছে, তার হাত থেকে বাঁচতে হলে ঢাকাবাসীকে শপথ নিতে হবে। আপনাদের কাছে আগামী ১ তারিখের নির্বাচন এ জন্য একটি বড় সুযোগ। ধানের শীষ এবং ইঞ্জিনিয়ার ইশরাককে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’
এ সময় ইশরাক হোসেন বলেন, সরকারের জনগণের ওপর আস্থা হারিয়ে পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জোর করে ক্ষমতায় থাকবে।
তিনি বলেন, আজকে ঢাকার শহরসহ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের ভোটাধিকার নাই, কথা বলার অধিকার নাই।
বিএনপির মেয়রপ্রার্থী বলেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আজ জনগণ জাগ্রত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্র কাজ করবে না। আমার বিশ্বাস আপনি এভাবেই মাঠে থাকবেন।
পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমানও বক্তব্য রাখেন।