মোটরসাইকেল-অটোরিকশা-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

সাভারের সীমান্তবর্তী কেরানীগঞ্জে মোটরসাইকেল, সিএনজি ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের কদমতলী চার রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. আসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের চালক ছিলেন। তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জের হজরতপুরে এবং সে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা।

জানা যায়, বুধবার ভাতিজির বিয়ে উপলক্ষে সে কেরানীগঞ্জে গিয়েছিল। তবে সড়ক দুর্ঘটনায় চাচার মৃত্যুর খবরে ভাতিজির বিয়ে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবারের লোকজন।

অন্যদিকে আহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. কবির হোসেন (২৮) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে মনির দুর্ঘটনা কবলিত সিএনজির চালক এবং কবির হোসেন সিএনজির যাত্রী বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। তাদেরকে হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতদের মরদেহ গুলি হাসপাতালে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।