অসুস্থতার কারণে শুরু থেকেই নেই সেন্টারব্যাক টুটুল হোসেন বাদশা। প্রথম ম্যাচে পাওয়া চোট বলতে গেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকেই ছিটকে দিয়েছে ডিফেন্ডার ইয়াসিন খানকে। শ্রীলঙ্কার বিপক্ষে লালকার্ড দেখে সেমিফাইনালে খেলতে পারবেন না তপু বর্মনও। তিন ডিফেন্ডার না থাকায় স্বভাবতই কাল বুরুন্ডির বিপক্ষে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম ডিফেন্স। তবুও চিন্তিত নন অধিনায়ক জামাল ভুইয়া। এই চ্যালেঞ্জ জয় করেই বুরুন্ডি বাধা টপকাতে চান তিনি।
পেশিতে টান পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি অধিনায়ক। তারপরও তাদের হারাতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। ৩-০ ব্যবধানে সেই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়াটা সাইড বেঞ্চে বসে দেখেছেন ইংলিশ কোচ জেমি ডে’র আমলে নিয়মিত খেলা জামাল। তবে চোট কাটিয়ে সেমিফাইনালে খেলার জন্য মুখিয়ে এই মিডফিল্ডার। বুরুন্ডির বিপক্ষে তপুকে পাওয়া না গেলেও জামাল মনে করেন এটা বাকিদের জন্য নিজেদের প্রমাণের সুযোগ, ‘প্রতিপক্ষকে আমার কিছুটা অগোছালো মনে হয়েছে। আক্রমণে উঠে কখনো কখনো তারা দ্রুত নিচে নেমে আসে না। কোচ মনে করেন যদি আমরা আমাদের সহজাত খেলাটা খেলি তবে ওদের এই দুর্বলতার সুযোগ নিতে পারব। আমাদের ওদের হারানোর ক্ষমতা আছে।’