রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মোড়ে বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভায়রা আ. সালাম জানান, তার বাড়ি সিরাজগঞ্জে। চিকিৎসার জন্য সোমবার তিনি গ্রাম থেকে বনানী টিঅ্যান্ডটি কলোনিতে ভায়রার বাসায় আসেন। মঙ্গলবার রাতে তিনি মালিবাগের একটি হাসপাতালে যান তিনি। সেখান থেকে আবার বনানীর বাসায় ফেরার সময় চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় আরেকটি বাস তাকে ধাক্কায় দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।