আ. লীগ নেতা মুক্তিযোদ্ধা বাবু মৃধা মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম রব্বানি বাবু মৃধা (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বাবু মৃধার বাড়ি ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায়। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মৃত্যুর আগে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, ফরিদপুর স্পেশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারী জানান, মরহুমের নামাজের জানাজা বাদ জোহর ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে তার গ্রামের বাড়ি মধুখালী উপজেলার ম্যাকচামিতে মরদেহ নেওয়া হয়। সেখান সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

তার মৃত্যুতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান দোলন, জেলা আওয়ামী লীগ, ফরিদপুর আইনজীবী সমিতি, ফরিদপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।