ঢাকা উত্তর সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত তাবিথ আউয়ালকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জোটের নেতা আ স ম আবদুর রব বলেছেন, তাবিথ জিতলে মেট্রোপলিটন সরকার হবে।
বুধবার পৌনে ১১টার দিকে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প এলাকায় ধানের শীষের এই প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ভোটারদের উদ্দেশে আ স ম রব বলেন, ‘আপনারা ভোট কেন্দ্রে যাবেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। এটা আপনাদের ন্যায্য অধিকার।’
তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী, ঐক্যফ্রন্টের প্রার্থী, ধানের শীষের প্রার্থী তাবিথকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাবিথকে ভোট দিলে মেট্রোপলিটন সরকার করা হবে। আপনারা নিরাপদে রাজধানীতে বসবাস করতে পারবেন।’
এ সময় তাবিথ বলেন, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ কাজ করছে তা দেখার বিষয়। গতকালকে আমার প্রচারণায় হামলা হয়েছে। অনেকে আহত হয়েছি। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা তদন্ত কমিটি গঠন করেছেন; ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা অপেক্ষা করেছি। আমরা দেখতে চাই- তারা কী পদক্ষেপ নেয়। নির্বাচন কমিশনের উচিত ছিল আগ থেকেই অ্যাকটিভ হওয়া। একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে রাখা।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।