মহেন্দ্র সিং ধোনিকে তার ক্যারিয়ারের শুরুর বেশ ক’বছর লম্বা চুলে দেখেছে সবাই। দাপুটে ব্যাটিংয়ের মতো তার লম্বা চুলও মুগ্ধ করত সবাইকে। পরে অবশ্য চুল ছোট করে ফেলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।
কিন্তু কেন লম্বা চুল রাখতেন ধোনি? এই রহস্য ফাঁস করলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আকাশ চোপড়া ধোনির চুল বড় রাখার সেই গল্প বলেন। ভারতীয় ক্রিকেট দল তখন জিম্বাবুয়ে ও কেনিয়া সফর করছিল। সেই সময় ধোনির সঙ্গে একই রুম শেয়ার করতেন আকাশ চোপড়া।
ধোনির কাছে আকাশ চোপড়া তখন লম্বা চুল রাখার রহস্য জানতে চেয়েছিলেন। পাশাপাশি লম্বা চুল কেটে ছোট করে নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু ধোনির জবাবটা ছিল নাকি এ রকম, ‘লম্বা চুল এখনই কাটব না। তরুণ ক্রিকেটাররা যাতে আমার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে নিজেরাও লম্বা চুল রাখে, সেই জন্যই এই স্টাইল।’