ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নিজের মনোনয়ন পাওয়া বিষয়ে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমাকে যারা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, তারা আমাকে এই পথে পা দিতে না করেছিল । অনেকে বলেছেন, রাজনৈতিকভাবে হয়ত ভুল পথে পা বাড়ানো হবে। এছাড়া এত সমস্যা জর্জরিত সংকট, সেটাকে পরিবর্তন করা আদৌ সম্ভব? নাকি বদনাম বা ব্যর্থতা নিয়ে ফিরে যেতে হলে হবে।
তিনি বলেন, তাদের সঙ্গে আলাপ করেছি। পরবর্তীতে যখন দেখল আমি সিদ্ধান্ত অনড়, তখন তারাও উপলব্ধি করতে পেরেছে, কারণ আমার উপর তাদের আস্থা আছে। আমি যখন সিদ্ধান্ত নিই তখন বুঝে-শুনেই নিই, পারব বলেই নিই।
ভোটে জিততে অলীক কোনো স্বপ্ন দেখানোর পক্ষপাতি নন জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, যা তিনি বাস্তবে করতে পারবেন, সেই প্রতিশ্রুতিই দেবেন তিনি।
বুধবার বিকালে পুরান ঢাকার কারা কনভেনশন হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ‘ব্যবসায়ী সম্মেলন’ অনুষ্ঠানে এসব বলেন তিনি।
ফজলে নূর তাপস বলেন, আমি নিজেও একজন ব্যবসায়ী, ব্যবসায়ীদের সমস্যা আমি অনুধাবন করতে পারি। একজন ব্যবসায়ী কী চিন্তা চেতনা করেন এবং তার দৈনন্দিন কী চিন্তা চেতনা থাকে, কী সমস্যা থাকে, সেটা আমি অনুধাবন করি। এটুকু আপনাদের আমি বলি, আমার কাছে কোনো জাদুর কাঠি, কিংবা জাদুর টুপিও নেই। আমি একজন বাস্তবভিত্তিক ব্যক্তি। আপনাদের কোনো জাদুকরী স্বপ্ন দেখাব না। আমি এটুকু বলতে পারি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হবে একটা বাস্তবেই ব্যবসায়ীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স পাওয়ার হয়রানির অবসান ঘটিয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তাপস। ব্যবসায়ীদের জন্য সিটি করপোরেশনে হেল্প ডেস্ক চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।
এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে এই ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, এ কে আজাদ, শফিউল আলম মহিউদ্দিন, ব্যবসায়ী নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, রেজাউল করিম রেজনু, সিদ্দিকুর রহমান প্রমুখ।