বাগেরহাটের ২ স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবদের মানববন্ধন

বাগেরহাট শহরের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ফোরাম। মানববন্ধন শেষে স্কুল দুটির চলমান শিক্ষক সংকট নিরসনে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এ স্কুল দুটি জেলার সেরা। মেধাবীরা এখানে ভর্তির সুযোগ পায়। এখান থেকে ভালো ফলাফল করে নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নেয়। পরে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে মনোনিবেশ করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটিতে শিক্ষক সংকট চলছে। চাহিদার তুলনায় শিক্ষক অর্ধেক। সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থীদের পাঠদান করাতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে পড়ালেখা।’ এ সংকট দূর করতে সরকারের কাছে দাবি জানান তারা।

ফোরামের আহ্বায়ক আহাদ উদ্দীন হায়দার, যুগ্ম আহ্বায়ক আসমাতুল ফাতিমা ময়না ও সদস্যসচিব কল্লোল সরকার প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।