চট্টগ্রামের সিআরবিতে জোড়া খুনের প্রধান আসামি গ্রেপ্তার

রেলওয়ের টেন্ডার নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের কেন্দ্রীয় রেল ভবনে (সিআরবি) জোড়া খুনের মামলার প্রধান আসামি অজিত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত। গতকাল বুধবার ভোররাতে বোয়ালখালীর ধোরলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মিজানুর রহমান বলেন, ‘সিআরবির ডাবল মার্ডার মামলায় অজিতের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই মামলার চার্জশিটও হয়েছে। নিম্ন আদালতে নিয়মিত হাজিরার শর্তে অজিত উচ্চ আদালত থেকে জামিনে আছেন। কিন্তু নিম্ন আদালতে তিনি নিয়মিত হাজিরা না দেওয়ায় তার জামিন বাতিল হয়েছে। তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ আছে।’

২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের ৪৮ লাখ টাকার টেন্ডার নিয়ন্ত্রণ নিয়ে সিআরবির সাত রাস্তার মোড়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাজু পালিত (২৪) ও আট বছরের শিশু আরমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। তাদের মধ্যে সাজু পালিত ছিলেন বাবরের অনুসারী।

ঘটনার পর কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে যুবলীগ-ছাত্রলীগের ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় অজিত ছিলেন ৭৮ নম্বর আসামি। নিহত সাজু পালিতের মা পরে আদালতে একটি মামলা করেন। এ মামলায় অজিতকে প্রধান আসামি করা হয়। আদালত দুটি মামলা একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছিল।

ওই মামলায় ২০১৫ সালের ২৩ নভেম্বর ৬২ জনকে আসামি এবং ৩৭ জনকে সাক্ষী করে অভিযোগপত্র জমা দিয়েছিল নগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের আদেশ দেয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পিবিআই অভিযোগপত্র জমা দেয়। এতে ৬৪ জনকে আসামি ও ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।