চুয়াডাঙ্গায় অটোরাইস মিলে কাজ করার সময় ধানের বস্তা চাপা পড়ে নিজাম উদ্দীন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে জেলার জীবননগর উপজেলার শহরের পিয়ারতলা মোড় এলাকার সততা অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দীন একই এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে।
রাইসমিলে কর্মরত শ্রমিক জাফর আলী জানান, প্রতিদিনের মতো তারা ১০/১৫জন সততা রাইসমিলে রাতের শিফটে কাজ করছিলেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ করে মিলের ভেতরে সাজিয়ে রাখা ধানের বস্তা ধসে পড়ে। এতে বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নিজাম ও নাসির উদ্দীন নামে দুই শ্রমিক।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দীনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত নাসির উদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন।