দুই হলে তল্লাশি: চবি ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি হলে তল্লাশি করে শাখা ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ সিএফসি’র অনুসারী ১২ জন এবং বিজয় গ্রুপের ৮ নেতাকর্মী রয়েছে।

বিবাদমান সিএফসি গ্রুপ শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও বিজয় গ্রুপ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন মোল্লার অনুসারী।

এছাড়া দুটি পক্ষই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, এর আগে তারা প্রক্টরের গাড়ি ভেঙেছে, পুলিশের গাড়ি ভেঙেছে, তবুও অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া দুই হল থেকে সন্দেহভাজন হিসেবে ২০ জনকে আটক করা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সিএফসি গ্রুপের এক কর্মীকে বিজয় গ্রুপের কর্মীরা মারধর করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এ ঘটনার জেরে ক্যাম্পাসে লাগাতার অবরোধের ডাক দেয় বিজয় গ্রুপ।

বিজয় গ্রুপের দাবি, হামলকারীদের ও নির্দেশদাতা ছাত্রলীগ সভাপতি রুবেলকে গ্রেপ্তার এবং সাংগঠনিক পদ থেকে প্রত্যাহার করতে হবে। এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি চালানো হয়।