ঝালকাঠির রাজাপুরে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাদ্রাসা সুপারের কক্ষে মারধরের ঘটনায় রাতে সুপার মুহাম্মদ অলিউল্লাহ বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করলে রাতেই উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও প্রভাষক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ১৯৪৭ সালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আবুল কালাম আজাদের চাচা মৃত বুরজুগ আলী তালুকদার।
এই সুবাদে আবুল কালাম আজাদ দীর্ঘদিন এই মাদ্রাসার সহসভাপতির দায়িত্ব পালন করেন।
২০১৮ সালের মাঝামাঝি তালুকদার আবুল কালাম আজাদ অসুস্থতার কারণ দেখিয়ে পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেন।
কিছুদিন আগে মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ নিয়ে সুপারের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল আবুল কালাম আজাদের।
পছন্দের প্রার্থী চাকরি না পাওয়ায় ক্ষুব্ধ আজাদ ও তার লোকজন নিয়ে বুধবার দুপুরে মাদ্রাসায় যান এবং সুপারের কক্ষে ঢুকে মারধর শুরু করেন।
পরে আহত অবস্থায় সুপারকে উদ্ধার করে স্থানীয়রা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এ ঘটনায় অধ্যক্ষ মুহাম্মদ অলিউল্লাহ্ বাদী হয়ে আবুল কালাম আজাদের ভাতিজা নাজমুল হুদা চমনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বর্তমানে মাদ্রাসা সুপার অলিউল্লাহ রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মারামারির ঘটনায় বুধবার রাতে মাদ্রাসা সুপার মুহাম্মদ অলিউল্লাহ বাদী হয়ে মামলা করলে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও প্রভাষক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।