মাগুরায় দেনা পরিশোধে ব্যর্থ হয়ে এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার জগদল গ্রামে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এম এ সবুর (৫৫) নামে ওই শিক্ষককে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সবুর জগদল সম্মিলনী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ফজর নামাজের সময় সবুরকে খুঁজে না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে সেখানেই তিনি মারা যান।
সবুরের সহকর্মী অভিমন্যু সামন্ত দেশ রূপান্তরকে জানান, সবুর অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন। কলেজ প্রতিষ্ঠায় তার অবদান ছিল অসামান্য। তবে তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দেনা শোধ করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে মনে করছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।