উত্তরায় বাসায় দুর্ধর্ষ চুরি: ৩০ লাখ টাকার মালামাল লুট

রাজধানীর উত্তরায় একটি বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উত্তরার ৭ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের ১১ নম্বর বাড়ির ৩/বি ও ৪/বি নম্বর দুইটি ফ্ল্যাট সংযুক্ত করে গড়ে ওঠা ডুপ্লেক্স ফ্ল্যাটে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত দেড়টার দিকে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে বাসার ফেরার পর বাসার মালিক ঘটনাটি জানতে পারেন। ফ্ল্যাট মালিক  জিয়াউল আহসান শুভ্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাসা থেকে প্রায় ৫০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ত্রিশ হাজার টাকা ও কয়েকটি দামি হাত ঘড়ি নিয়ে গেছে। চোরদের ধরার চেষ্টা চলছে। 

ফ্ল্যাট মালিক  জিয়াউল আহসান শুভ্রর বলেন, তারা থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর পুরো বাসায় এলোমেলো দেখতে পান। সোনার বাক্সগুলো ফেলে সব অলংকার নিয়ে গেছে। তবে কবে নাগাদ ঘটনাটি ঘটেছে, তা আমরা নিশ্চিত নই। চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে তার আত্মীয়-স্বজনেরই প্রায় অর্ধেক।