দিনাজপুরের ফুলবাড়ীতে একটি পুকুরের পাহারাদার বাদশা মিয়াকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া উপজেলার বেতদিঘী ইউপির শাহাপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তিনি তামিম অ্যাগ্রো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের পুকুর পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশীষ বিন হাছান জানান, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের এক নারী ক্ষতবিক্ষত অবস্থায় বাদশা মিয়াকে পুকুরের পাশে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বাদশা মিয়ার মাথা, ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
অপরদিকে, নরসিংদীর শিবপুরে নিখোঁজের চার দিন পর রিফাত (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ সাধারচর উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশরাফুল (১৫) ও রাসেল (১৬) নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিফাত উপজেলার দক্ষিণ সাধারচর এলাকার শুক্কুর আলীর ছেলে।
পুলিশ জানায়, রিফাত নিখোঁজের পর গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে পুলিশ সন্দেহবশত বুধবার রাতে একই এলাকার কিশোর আশরাফুলকে আটক করলে সে জানায়, দক্ষিণ সাধারচর এলাকার শহিদুল্লার ছেলে রাসেল (১৭) ও নাজমুল হকের ছেলে সাইফুল (১৫) মিলে রিফাতকে গলা কেটে হত্যা করে। মরদেহটি দক্ষিণ সাধারচর উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকিতে লুকিয়ে রাখে। রাতেই রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সাধারচর উচ্চবিদ্যালয়ের একটি পরিত্যক্ত পানির ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত বিরোধ নিয়ে এ হত্যাকা-।