ঢাকা সিটি নির্বাচন

পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ হাই কমিশনারকে জানিয়েছে বিএনপি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে নিজেদের বক্তব্য ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনকে জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর অফিসে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ হাই কমিশনারকে জানায় দলটির নেতারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন উপস্থিত সাংবাদিকদের জানান, ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে তিনি তাবিথের বনানীর অফিসে এসেছিলেন। তার কাছ থেকে পরিবেশ সম্পর্কে জেনেছেন। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।