পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি ইঙ্গিত করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, হিন্দু দেখলেই চেনা যায়। লুঙ্গিবাহিনীকে ভারত থেকে বিতাড়িত করবই।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরের শ্যামপুর কলোনি স্কুলের মাঠে এক কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।
সায়ন্তন বসু বলেন, ‘হিন্দু বাঙালি ও উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু লুঙ্গিবাহিনীকে ভারত থেকে বিতাড়িত করবই।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘দিদিমনিকে বলতে চাই- এনআরসি-সিএএ হলে তিনিও ভালোই থাকবেন। তার চোখের সামনে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেব।’
‘যারা ওপার বাংলা থেকে হিন্দু হওয়ার কারণে বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় নিয়েছেন, তাদের শুধু নাগরিকত্বই নয় চাকরি ও ব্যবসার সুযোগ করে দেব আমরা’ যোগ করেন এই বিজেপি নেতা।
তিনি আরও বলেন, ‘হিন্দু দেখলেই চেনা যায়, আমরা ওসব ঠিক চিনে নেব।’
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, কয়েক দিন আগেই বিশিষ্টজনদের ‘বানর’ বলে কটাক্ষ করেছিলেন সায়ন্তন।
এর আগে এনআরসি-সিএএ-এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদে কাগজ না- দেখানোর সংকল্প করে ভিডিও প্রকাশ করেছিলেন অভিনেতারা। তা ভাইরাল হতেই তাদের ‘নিমকহারাম’ বলে আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাদেরকে ‘শয়তান, পরজীবী, দুর্বুদ্ধিজীবী’ বলেও আক্রমণ করেন তিনি।
এছাড়া পশ্চিমবঙ্গের সুশীল সমাজকে রবিবার ‘কুকুর’ বলে আক্রমণ করেন বিজেপি এমপি সৌমিত্র খাঁ।