মিরপুরের সেই বস্তিতে আবারো আগুন, পুড়ল ১৫০ ঘর

রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আবারো আগুন লেগেছে। এতে প্রায় ১৫০টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও একজন আহতের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে গত বছরের ১৬ আগস্ট এই বস্তিতে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, আজ ভোর সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।