নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকার সৌন্দর্য বজায় রাখব: তাপস

পুরান ঢাকার যেসব ঐতিহ্যবাহী বা হেরিটেজ স্থাপনা রয়েছে সেগুলো অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সিটি করপোরেশন থেকে রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার নগরীর নারিন্দা এলাকায় গণসংযোগ করার সময় তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে ঐতিহ্যের ঢাকার সৌন্দর্য বজায় রাখব। পুরান ঢাকায় যেসব ঐতিহ্যবাহী স্থাপনা আছে সেগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এনে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করব, যাতে বিশ্ববাসী সেগুলো দেখতে পারেন।

প্রচারণাকালে নগরবাসীর উদ্দেশে ব্যারিস্টার তাপস আরও বলেন, আমরা ঢাকায় যে উন্নয়ন করেছি তার প্রতিফলন হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন। আশা করি উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন।

তিনি বলেন, আমরা সুন্দর ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি তার আওতায় যেসব এলাকায় জলাবদ্ধতা আছে, সেসব এলাকার খালগুলো উদ্ধার করব। ভূমিদস্যুদের দখল থেকে মুক্ত করব। ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয় করব। জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করব, যাতে ঢাকাবাসী নান্দনিক সব সুযোগ-সুবিধা পায়।

পরে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তাপস। নৌকা মার্কায় ভোট চান তিনি। প্রচারণাকালে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।