‘ব্রেইন ইনজুরিতে’ আক্রান্ত ৩৪ মার্কিন সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
জানুয়ারি মাসের শুরুতে ইরাকের দুটি ঘাঁটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ সব সেনারা ‘মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তথা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে’ আক্রান্ত হন।
আলজাজিরা জানায়, ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে তাৎক্ষণিক জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটিতে হামলার পর ‘প্রচণ্ড মানসিক ধাক্কা খাওয়ার উপসর্গসহ’ ১১ মার্কিন সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সম্ভাব্য এই উপসর্গে আক্রান্ত আরও সেনাকে ইরাক থেকে সরিয়ে আনা হয়েছে।
গত ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের এলিট ইসলামী বিপ্লবী গার্ডস-এর কুদস বাহিনী কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
এই হত্যাকাণ্ডের জবাবে ৮ জানুয়ারি ইরাকে মার্কিন বাহিনীর ব্যবহার করা দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, এতে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে।
তবে ঘাঁটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও কোনো ধরনের হতাহতের কথা নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া সংঘাত এড়াতে ইরান নিজে থেকেই প্রাণহানি এড়াতে চেয়েছিল বলে পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছে।