বাংলাদেশকে উড়িয়ে সিরিজ পাকিস্তানের

ব্যাটিং ব্যর্থতায় নিজেদের পুঁজিকে মোটেও লড়াই করার মতো অবস্থানে নিতে পারেনি বাংলাদেশ। তামিম ইকবালের ফিফটি সত্ত্বেও ১৩৬ রানেই আটকে যায় সফরকারীদের ইনিংস। বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ফিফটিতে যা খুব সহজেই পেরিয়ে গেল পাকিস্তান।

শনিবার লাহোরে বাংলাদেশকে একরকম উড়িয়ে ৯ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান। টানা দ্বিতীয় জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে নিজেদের করল স্বাগতিকেরা।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। সোমবার দুই দলের শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতার।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে বাংলাদেশ ১৩৬ রান তুলে। একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো, অন্যদিকে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ের অভাব। দুইই ভুগিয়েছে বাংলাদেশকে।

তামিম সর্বোচ্চ ৬৫ রান করেন ৫৩ বলে। ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই এহসান আলির উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই তাকে তুলে নেন শফিউল ইসলাম। আগের ম্যাচেও যিনি প্রথম ওভারেই সাফল্য এনে দিয়েছিলেন দলকে।

তবে আগের ম্যাচটা বাংলাদেশের বোলাররা শেষ ওভার পর্যন্ত টানতে পারলেও এদিন পারেনি। বাবর আজম ও মোহাম্মদ হাফিজ দ্বিতীয় উইকেট জুটিতে খেলা শেষ করেছেন। সেটি ৩.২ ওভার হাতে রেখেই।

বাবর ৪৪ বলে অপরাজিত ৬৬ রান করেছেন ৭ চার ও ১ ছক্কায়। হাফিজ অপরাজিত ৬৭ রান করেন ৪৯ বলে। ৯ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ম্যাচসেরা হয়েছেন বাবর আজম।

বাবর-হাফিজের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান এগোচ্ছে সহজ জয়ের দিকেই। দলীয় মাত্র ৬ রানে এহসান আলি ফিরলেও অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েছেন। যে জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তানকে।

এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষ পাকিস্তানের সংগ্রহ ৬৮/১। বাবর ৩৯ ও হাফিজ ২৭ রান নিয়ে ব্যাট করছেন।

আবারো শুরুতেই শফিউলের আঘাত

আগের দিন ছোট্ট পুঁজি নিয়ে লড়াই করতে নেমে শুরুতেই বাবর আজমকে তুলে নিয়েছেন শফিউল ইসলাম। নতুন বলে দলকে উইকেট উপহার দেওয়ার ধারাবাহিকতার পরিচয় দিলেন দ্বিতীয় ম্যাচেও। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই দলকে উপহার দিলেন উইকেট।

শফিউলের শিকার হয়ে এহসান আলীকে ফিরতে হলো রানের খাতা খোলার আগেই। ১.৪ ওভারে দলীয় ৬ রানে প্রথম উইকেট পড়ল পাকিস্তানের। শফিউলের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ হওয়া এহসান ৭ বল খেলে কোনো রান করতে পারেননি।

১৩৭ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় ৫ উইকেটে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে তারা। এ ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে তারা।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৩৬

সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচেও শম্বুক গতির ব্যাটিং থেকে বেরোতে পারল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই সফরকারীদের পুঁজিটা ১৩৬ রানের বেশি হয়নি।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের দল ৬ উইকেটে ১৩৬ রানের পুঁজি গড়ে। সর্বোচ্চ ৬৫ রান করেছেন তামিম ইকবাল। আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ২১ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাসনাইন সর্বাধিক ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার।

বোল্ড হয়ে ফিরলেন মাহমুদউল্লাহ

যখন উইকেটে এলেন তখন তার ব্যাট থেকে শেষের ঝড় চাওয়া ছিল সবার। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ সেই কাজটা করতে পারলেন না। হারিস রউফের ২০তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরলেন। ১২ বল খেলে ১ চারে ১২ রান করেছেন তিনি। ১২৬ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ।

রান আউটে কাটা পড়লেন তামিম

আগের ম্যাচে ব্যক্তিগত ৩৯ রানে রান আউট হয়েছিলেন তামিম ইকবাল। এবারো এই বাঁহাতি ব্যাটসম্যান কাটা পড়লেন রান আউটে। ১৭.৪ ওভারে ১১৭ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

তবে ফেরার আগে ফিফটি তুলে নেন তামিম। ৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৫ রান করেছেন এই ব্যাটার।

তামিমের ফিফটি

প্রায় দেড় বছর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পেলেন তামিম ইকবাল। শনিবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এই ফরম্যাটে যার সর্বশেষ ফিফটিটি এসেছিল পাঁচ ইনিংস আগে, ২০১৮ সালের আগস্টে।

তামিমের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে ভালো পুঁজির জন্য লড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ১৬ ওভার শেষে ১০২/৪। তামিমের সঙ্গে এখন ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

থিতু হয়ে ফিরে গেলেন আফিফ

অষ্টম ওভারে লিটন দাস তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরে যাওয়ার পর উইকেটে এসেছিলেন আফিফ হোসেন ধ্রুব । চতুর্থ উইকেটে তামিম ইকবালের সঙ্গে ভালো জুটির আশাই দেখাচ্ছিলেন। তবে ৪৫ রানের বেশি হলো না জুটিটি। পাকিস্তানি বোলারদের চতুর্থ শিকার হয়ে ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান আফিফ। ১৪.৪ ওভারে ৮৬ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। 

মোহাম্মদ হাসনাইনের বলে হারিস রউফকে ক্যাচ দেওয়ার আগে ২১ রান করেন আফিফ। ২০ বলে ১টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার।

রিভিউয়েও টিকলেন না লিটন

শুরুতেই ব্যাটিংয়ে তাল হারানো বাংলাদেশ পঞ্চাশ রানের আগেই হারাল তৃতীয় উইকেট। এবার আউট হলেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে ১২ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান এবার দুই অঙ্কই স্পর্শ করতে পারলেন না।

শাদাব খানের স্পিনে এলবিডব্লিউ’র শিকার হন লিটন। রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে পার পেলেন না। ভিডিও রিপ্লেতে দেখা যায় বলটি অল্পের জন্য লেগ স্টাম্প বরাবর ছিল। ৪১ রানে তৃতীয় উইকেট নেই বাংলাদেশের। উইকেটে এসে তামিমের সঙ্গে জুটি বেধেছেন আফিফ হেসেন।

শুরুতেই দুই উইকেট নেই বাংলাদেশের

আগের ম্যাচে ধীরস্থির ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দিলেন শুরুতেই। উইকেট ছাড়া হলেন ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে কট বিহাইন্ড হয়ে।

গতিতে ঠাসা শাহীন শাহ আফ্রিদির বলটি ঠিকঠাক খেলতে পারেননি নাঈম। তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

দলীয় ২২ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এবার উইকেট ছাড়া হন মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে ডাক পাওয়া মেহেদি হাসান। মোহাম্মদ হাসনাইনের বলে রিজওয়ানের গ্লাভসবন্দি হন এই অফস্পিনিং অলরাউন্ডার।

একাদশে একটি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানকে। একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। আগের ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে তারা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), মাহমদুউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান, আল-আমিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম বিল্পব

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার প্রথম ম্যাচেও টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই ভেন্যুতে শুক্রবার স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হারায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে তারা। এবারও হার সিরিজ থেকেই ছিটকে পড়বে অতিথিরা।