অনেক দেশই বাংলাদেশের পরিকল্পনাকে কাজে লাগাতে চায়: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অনেক দেশ আজ এদেশকে নিয়ে স্বপ্ন দেখে। অভূতপূর্ব উন্নয়ন দেখে বিশ্বের অনেক দেশই বাংলাদেশের পরিকল্পনাকে কাজে লাগাতে চায়।

শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জের শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজের ৭৫বছর পূর্তিতে আয়োজিত ‘হীরক জয়ন্তী’ উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় মিলে দেশটাকে যখন ডিজিটাল করবে বলে ঘোষণা দেন তখন এদেশের কিছু মানুষ হেসেছিল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘরে ঘরে ইন্টারনেট চালু করে দিয়েছেন। দেশে এখন ডিজিটালের সুবাতাস বইছে। অনলাইনে ফ্রিল্যান্সিং করে এখন দেশের তরুণ তরুণীরা ঘরে বসে আয় করছেন।

এমপি বলেন, এদেশের ভবিষ্যৎটা হলো আইটির ওপর। এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। আইটি একটি কঠিন ভাষা। আমরা দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের আইটি ভাষা শেখাব এবং ওদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এতে করে বাচ্চারা ছোটবেলা থেকেই আইটি সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে বড় হতে থাকবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে অনেক কাজ করছেন। বর্তমানে আমরা নারীদের বিষয়ে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে।

জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার এইচএম সালাউদ্দীন মনজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী সেলিম মিয়া, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ। শেষে সাংস্কৃতিক উৎসবে শুভ্রদেব ও চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী কোনাল গান পরিবেশন করেন। এর আগে প্রধান অতিথি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন।