সিদ্ধিরগঞ্জ থেকে মাদক নির্মূল করব: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার

মাদক ব্যবসায়ীদের সঙ্গে থানার কোন পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকলে কিংবা কোন মাদক ব্যবসায়ীকে ধরে ছেড়ে দিয়েছে এমন প্রমাণ পেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার। তিনি বলেন, আমি সর্বপ্রথম সিদ্ধিরগঞ্জ থেকে মাদক নির্মূল করব ইনশাল্লা।

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ আয়োজিত ওপেন হাউস-ডে ও কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার এ কথা বলেন।

তিনি বলেন, আমি নারায়ণগঞ্জ জেলায় যোগদান করার পর থেকে কোন অপরাধীকে ছাড় দিইনি। কোন ভালো মানুষ হয়রানির শিকার হয়নি, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য আমার দরজা খোলা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক এর সভাপতিত্বে ও ওসি (অপারেশন) রুবেল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, সাধারণ সম্পাদক তাজিম বাবু।

এ ছাড়া ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে আয়োজিত এই ওপেন হাউস ডে সভায় উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।