কেরালা, পাঞ্জাবের পর ভারতের তৃতীয় রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাখ্যান করে রাজস্থানের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
গতকাল শনিবার উত্তরাঞ্চলীয় রাজ্যটির বিধানসভায় বিলটি পাস হওয়ার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদরা তার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় বিজেপি সাংসদরা সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে স্লোগানও দেন।
নাগরিকত্ব সংশোধনী আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে গত কয়েক মাস ধরেই ভারতজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধী দলই আইনটির বিপক্ষে অবস্থান নিয়েছে।
সিএএ’র বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে শতাধিক আবেদনও জমা পড়েছে। সর্বশেষ শুনানিতে সর্বোচ্চ আদালত আইনটির ওপর স্থগিতাদেশ না দিয়ে চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বামশাসিত কেরালার পার্লামেন্টে গত মাসে প্রথম সিএএবিরোধী বিল পাস হয়। বিজেপির এক সাংসদ বাদে পার্লামেন্টের সব রাজনৈতিক দলই প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। পরে কংগ্রেসশাসিত পাঞ্জাবও কেরালার পথে হাঁটে। আগামী সোমবার পশ্চিমবঙ্গে ডাকা বিধানসভার বিশেষ অধিবেশনেও সিএএবিরোধী প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।