আসরারুল হক
শিক্ষার্থী, সিএসই (২য় বর্ষ)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পড়ার টেবিলে বই খুলে বসলেই রাজ্যের চিন্তা ভিড় করে মাথায়। পড়ার চেয়েও সেসব চিন্তা বড় করে দেখা দেয় তখন। ফলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও পড়া হয় না আর। এ অভ্যাস নেই এমন লোক কমই আছে। আজ পড়ার সময় চিন্তামুক্ত থাকার কয়েকটি কৌশল বলে দিচ্ছি।
১. মনে মনে পড়ার অভ্যাস ত্যাগ করো। মুখে উচ্চারণ করে পড়ো। উচ্চারণ করে পড়লে তুমি সহজে অন্যমনস্ক হবে না। শুধু দেখে পড়লে যতদিন মনে থাকবে, দেখে ও শুনে পড়লে তার চেয়ে বেশি মনে থাকবে। শ্রবণে মনোযোগ বাড়বে।
২. মানুষ অবচেতন মনে কিছু কাজ করে। পড়ার সময়ও অনেক দিকে মন চলে যায়। পড়েই চলছ, কিন্তু তোমার মাথায় কিছুই ঢুকছে না বারবার এমন সমস্যায় পড়তে হয়। এটি থেকে বাঁচতে হলে কয়েক লাইন পড়ার পর অন্যদিকে দৃষ্টি সরাও। কী পড়েছ তা একবার মনে মনে আওড়াও।
৩. লিখে পড়ার উপকারিতাও অনস্বীকার্য। একটু সময়সাপেক্ষ হলেও লিখে পড়ার চেষ্টা করো। সব পড়া লিখতে না পারলেও গুরুত্বপূর্র্ণ অংশটি অবশ্যই লিখবে। এতে মনোযোগ যেমন ধরে রাখতে পারবে, পড়াও ভুলবে না কখনো।
৪. পায়চারি করে পড়লেও মনোযোগ ধরে রাখা কঠিন বিষয় নয়। এতে তোমার চিন্তা কমবে এবং মনোযোগ বাড়বে।
৫. মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শেখো। যখন মনোযোগ হারিয়ে ফেলবে, তখন নিজের কাছে নিজে জবাবদিহি করো।
৬. পড়ার স্থান পরিবর্তন করলে মনোযোগ বাড়ে। না পারলে রিডিংরুমের অবকাঠামো পরিবর্তন করো। নতুন পরিবেশে অন্যমনস্ক হওয়ার সুযোগ কম থাকে। অহেতুক চিন্তায় সময় নষ্ট হবে না।
৭. একাধিক কাজ একসঙ্গে করার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। এটি ত্যাগ করতে হবে। তাহলে পড়ার সময় চিন্তামুক্ত থাকা যাবে।
৮. নিজের ভেতর জানার আগ্রহ থাকতে হবে। কৌতূহলী মনই পারে সবধরনের দুশ্চিন্তা দূর করতে। পড়ার মাধ্যমে নতুন বিষয় জানার ও শেখার অদম্য আকাক্সক্ষা তোমাকে চিন্তামুক্ত রাখবে।