কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় গোলাগুলিতে মো. নাসির ওরফে মুন্না (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সময় পুলিশের ৩জন সদস্য আহত হয় এবং ইয়াবা, অস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্না হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহমদের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার খবর পেয়ে হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারা সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়।
পরে ভোরের দিকে একদল মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৪০), কনস্টেবল আব্দুল শুক্কুর (২৩) ও মো. হেলাল আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারি মুন্নাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মাদকবিরোধী অভিযানে গোলাগুলিতে ৩ জন পুলিশ সদস্য আহত ও একজন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ৩টি দেশীয় তৈরি এলজি, ১২ রাউন্ড কার্তুজ ও ১৬ রাউন্ড খোসা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।