অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পা রেখেছেন রজার ফেদেরার। প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন রবিবার মারটন ফুকসোভিক্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। শেষ আটে ফেদেরার খেলবেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী টেনি সান্ডগ্রেনের বিপক্ষে।
এদিকে একই দিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচও। যা সমীকরণ তাতে শেষ আটে ফেদেরার ও জোকোভিচ নিজ নিজ ম্যাচে জিতলে সেমিফাইনালেই দেখা হবে দুজনের।
৩৮ বছর বয়সী ফেদেরারকে এদিন জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। হাঙ্গেরিয়ান প্রতিযোগীর কাছে প্রথম সেট হেরে বসেন। শেষ পর্যন্ত ম্যাচ নিজের করেন ৪-৬, ৬-১, ৬-২ ও ৬-২ গেমে।
প্রথম সেট হারের পর ফেদেরার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে নিজের করে নেন। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের এ নিয়ে রেকর্ড ১৫বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলবেন।
প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের জন মিলম্যানকে হারাতে কঠিন পথ পাড়ি দিতে হয় ফেদেরারকে। টাইব্রেকারে গড়ানো ম্যাচ জিতে ওঠে আসেন শেষ ষোলোতে।
এদিন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ফেদেরার বলেন, ‘আমি নিশ্চিত আমি প্রতিদিন আগের তুলনায় ভালো অনুভব করব। আমি দ্বিতীয় সেটে দারুণ শুরু করেছিলাম। এরপর কাজটা খুব সহজ হয়ে যায়।’