হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
রবিববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী আবেদনকারী হিসেবে রিটটি করেন। সোমবার হাইকোর্টে এই রিটের ওপর শুনানি হবে বলে আশা করছেন তিনি।
রিট আবেদনে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, আইনসচিব ও তাবিথ আউয়ালকে বিবাদী করা হয়েছে।
এ বিষয়ে শামসুদ্দিন চৌধুরী বলেন, সিঙ্গাপুরের একটি কোম্পানিতে তাবিথের শেয়ার আছে, অথচ এ তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। এই তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিল হতে বাধ্য। যে কারণে নির্বাচন কমিশনে (ইসি) ২৩ জানুয়ারি এ বিষয়ে অভিযোগ করা হয়। তবে এর কোনো জবাব না পেয়ে ওই রিট করা হয়েছে।
২৩ জানুয়ারি নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ওই বিষয়ে অভিযোগ দিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।