শিক্ষকের দাবিতে শৈলকুপায় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রেণিকক্ষে শিক্ষকের অনুপস্থিতি, অনিয়মিত ক্লাস, বিজ্ঞান বিষয়ের প্রাকটিক্যাল না নেওয়া ও পর্যাপ্ত শিক্ষকের দাবিতে রবিবার শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।

শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ফটকে বসে উপজেলা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দীর্ঘ সময় অফিসপাড়াজুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষসহ বেশিরভাগ শিক্ষক নিয়মিত কলেজে আসেন না, রুটিন মোতাবেক ক্লাস হয় না। এছাড়া বিজ্ঞান বিভাগের কোনো প্রাকটিক্যাল ক্লাস এবং শীতকালীন খেলাধুলাসহ আনুষঙ্গিক সমগোত্রীয় বিষয়ে কোনো লেখাপড়ার বালাই নেই।

শিক্ষার্থীদের দাবি, তারা বেশিরভাগ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিতর্ক, বার্ষিক ক্রীড়া না থাকলেও আছে ক্লাস ফাঁকির পাঁয়তারা। আধুনিক শিক্ষা কার্যক্রমসহ অনার্স কলেজ খোলার দাবিও জানায় তারা।

পরে বেলা সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, অধ্যক্ষ প্রফেসর আবদুস সোবহান, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেনসহ স্থানীয় নেতারা আগামী ১৫ দিনের মধ্যে সব দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।