ঢাকার দুই সিটির নির্বাচনে সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয় উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।
রবিবার দুপুরে বিএনপি মনোনীত ডিএসসিসির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
রবার্ট ডিকসন বলেন, আমি সকল মেয়র প্রার্থীদের সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু হওয়া আমাদের সকলেরই কাম্য। আমি আশা করব সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।
রবার্ট আরও বলেন, আমি ইতিমধ্যে ইলেকশন কমিশনার সাথে কথা বলেছি, তারা কিভাবে নির্বাচন পরিচালনা করবে সে পরিকল্পনার কথা জেনেছি ।
ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট বলেন, নির্বাচনে প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয়, এ সমস্ত সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।