বিদায়ী ম্যাচে ফিল্যান্ডারের শাস্তি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন এই সিরিজই হবে তার শেষ আন্তর্জাতিক সিরিজ। সেই হিসেবে জোহানেসবার্গ টেস্ট ভারনন ফিল্যান্ডারের জন্য ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে বিদায়ী এই টেস্টে শান্তির খড়্গ মাথায় নিতে হল দক্ষিণ আফ্রিকান বোলারকে।

প্রতিপক্ষ খেলোয়াড়কে উদ্দেশ্য করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে ফিল্যান্ডারের। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।

ঘটনাটা ঘটে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন। ২০ রানে বাটলারকে ফিরিয়ে দেওয়ার পর তাকে উদ্দেশ্য করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ফিল্যান্ডার। সিরিজের দ্বিতীয় টেস্টে ফিল্যান্ডারের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনেছিলেন বাটলারও।

চলতি টেস্টে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বেন স্টোকসও। দর্শককে গালি দিয়ে এই শাস্তি পান ইংলিশ অলরাউন্ডার।