ঢাকার কেরানীগঞ্জে এক চটপটি বিক্রেতা প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলের এই ঘটনায় ধর্ষক মনির হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, বিকেলে তার মেয়ে বাড়ির সামনে খেলতে বের হয়। ধর্ষক মনির তাদের বাড়ির কিছুটা সামনেই চটপটি, ঝালমুড়ি বিক্রি করতেন। মেয়েটি তার দোকানের সামনে আসলে চটপটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মনির ওর বাড়িতে নিয়ে যায় এবং শিশুটিকে ধর্ষণ করে।
অনেকক্ষণ হয়ে গেলে বাসায় না ফিরলে মেয়েটিকে খুঁজতে বের হন তার মা। পরে মেয়েটিকে রাস্তায় উলঙ্গ অবস্থায় কান্নাকাটি করতে দেখে বাসায় নিয়ে এসে কি হয়েছে জানতে চান। মেয়েটি ঘটনা খুলে বললে আত্মীয়স্বজন ও বাড়ির অন্য লোকজন মিলে ধর্ষক মনিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধর্ষক মনির টাঙ্গাইলের মির্জাপুর থানার মাহমুদপুর গ্রামের মৃত কোরান মিয়ার ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই রফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে দ্রুত গিয়ে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। শিশুটি আপাতত থানার হেফাজতে আছে। চিকিৎসার জন্য ওকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজি মাইনুল ইসলাম বলেন, দোষীকে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।