ব্রাজিলে ঝড়-বৃষ্টিতে নিহত ৩০ নিখোঁজ ১৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ে গত দুদিনে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন। গত শনিবার ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে ভূমিধস ও বিধ্বস্ত ঘরবাড়ি চাপায়। এদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিও ডি জেনিরো, এসপিরিতো সান্তো ও আশপাশের অঞ্চলসমূহ।

সেখানকার বৃষ্টিপাত ও ঝড়ের ভয়াবহতা উঠে এসেছে স্থানীয় কয়েকটি টেলিভিশনের খবরে। বেশ কয়েকটি ফুটেজে দেখা গেছে, প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়ে আশপাশের এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। পানির স্রোত ও ঢেউয়ের কারণে গাছপালা ও জরুরি সেবার খুঁটিগুলো উপড়ে গেছে।