নবম ওয়েজ বোর্ড নিয়ে রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতনকাঠামো নির্ধারণ করে প্রকাশিত নবম ওয়েজ বোর্ডের গেজেট অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা হাইকোর্টের রুল দ্রুত নিষ্পত্তি করতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) দুটি লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়।

আদালতে নোয়াবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মো. ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, গেজেটের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ আপাতত স্থগিতই থাকছে। ফলে ওয়েজ বোর্ড বাস্তবায়নে আপাতত কোনো বাধা থাকছে না।

গত বছরের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। এরপর প্রকাশিতব্য গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে নোয়াবের পক্ষে একটি রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৬ আগস্ট নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করে। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে ২০ আগস্ট হাইকোর্টের ওই আদেশটির ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেয় আপিল বিভাগ। এরপর নোয়াব আপিল বিভাগের আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

সংবাদকর্মীদের নতুন বেতনকাঠামো নির্ধারণ করে গত বছরের ১২ সেপ্টেম্বর ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ করে সরকার। এরপর ওই গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে নোয়াবের পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। গত ১৫ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ প্রশ্নে রুল জারি করে। গতকাল সর্বোচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল এবং আপিল বিভাগের আদেশ প্রত্যাহার চেয়ে নোয়াবের আবেদন নিষ্পত্তি করে দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্টের ওই রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।