উলিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি

কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের দুই শিক্ষককে বহিরাগতদের দিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদ ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহেরের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা। সোমবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যক্ষ বহিরাগতদের দিয়ে তারই কলেজের দুই শিক্ষককে লাঞ্ছিত করেছেন। সেই ঘটনা অডিও ক্লিপের মাধ্যমে ফাঁস হওয়ার পর, শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। থমকে গেছে কলেজের পাঠদান প্রক্রিয়া। শিক্ষকদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এ কর্মসূচি।

এর আগে অধ্যক্ষ তাহের বিজয় দিবসে জুতাসহ শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেছিলেন। সেই ছবি ফেইসবুকে পোস্ট করায় শহরজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধরা তাকে গণধোলাইও দেয়। এ ঘটনায় কয়েকজন বহিরাগত কলেজের দুজন শিক্ষককে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেয়। পরে নিরাপত্তা চেয়ে গত ২০ জানুয়ারি উলিপুর থানায় জিডি করেন শিক্ষকরা।

মানববন্ধনে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, সহকারী অধ্যাপক আবু নুর মো. আনিসুজ্জামান, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।