তথ্য গোপন করে জামিন আবেদন করায় আসামিকে ২ লাখ টাকা জরিমানা

তথ্য গোপন করে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে একই সময়ে দুই বেঞ্চে জামিনের আবেদন করায় দুর্নীতি মামলার এক আসামিকে ২ লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পাশাপাশি আসামি চট্টগ্রাম জেলা প্রশাসনের গোয়েন্দা শাখার অফিস সহায়ক মো. তসলিম উদ্দিনের জামিন না মঞ্জুর করে আদালত।

আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

তিনি বলেন, জামিন শুনানির সময় এ তথ্য জানানোর পর আদালত তথ্য গোপন করে হাইকোর্টের নিয়ম ভঙ্গ করা এবং একই আদেশের বিরুদ্ধে একই সময়ে দুটি জামিন আবেদন করায় আসামিকে ২ লাখ টাকা জরিমানা এবং তার জামিন আবেদন না মঞ্জুর করে আদেশ দেন। জরিমানার টাকা দুই সপ্তাহের মধ্যে সরকারি ট্রেজারিতে জমা দিতে হবে।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মো. ওমর ফারুক ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী নূর-এ আলম উজ্জ্বল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত বছর ৭ নভেম্বর নগরীর ষোলশহরের ‘চিটাগাং শপিং কমপ্লেক্স’র দ্বিতীয় তলায় ‘আনুকা’ দোকানে ঘুষ লেনদেনের অভিযোগে তসলিমউদ্দিন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-১-এর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা। তাদের কাছ থেকে ঘুষের ৮ লাখ ৭ হাজার টাকা ও ৯১ লাখ ৮৩ হাজার টাকার ১০টি চেক উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

গত ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। এরপর ১৫ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে জামিনের আবেদন করেন আসামি তসলিম। পরে সেই তথ্য গোপন করে গত ২৩ জানুয়ারি হাইকোর্টের আরেকটি বেঞ্চে জামিনের আবেদন করেন তিনি।