ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালকসহ দুজন।
মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায়।
নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের মঙ্গলকাপন গ্রামের আব্দুর রকিব (৩৫) ও পার্শ্ববর্তী নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।
বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে পুটিজুরী থেকে সিএনজি অটোরিকশায় গ্যাস ভরতে মিরপুর সিএনজি ফিলিং স্টেশনে যাচ্ছিলেন চালক আক্তার মিয়া।
সঙ্গে ছিলেন যাত্রী আব্দুর রকিব। পথে বাগানবাড়ি নামক স্থানে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালকসহ দুজনই নিহত হন।
হাইওয়ে পুলিশ থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতদের লাশ হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।