ভারতে সামাজিক মাধ্যমে পাঁচ মাসেই ২৫ হাজার শিশুপর্ন আপলোড!

ভারতে গত পাঁচ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ হাজার শিশু পর্নোগ্রাফি আপলোড হয়েছে। দেশটির শহরগুলোর মধ্যে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বিষয় আপলোডের ক্ষেত্রে শীর্ষে রয়েছে দিল্লি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এর সঙ্গে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেনের (এনসিএমইসি) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানায়, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বিষয় আপলোডের ক্ষেত্রে শীর্ষ তালিকায় রয়েছে দিল্লি।  অন্যান্য রাজ্যগুলোর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।। এনসিএমইসির দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এ পর্যন্ত সারা দেশে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং এতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

তবে মহারাষ্ট্রের এক কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত এনসিআরবি থেকে রাজ্যের সাইবার ইউনিটে ১৭০০টি শিশু পর্নোগ্রাফির বিবরণ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে রাজ্য সরকার। ওই কর্মকর্তা বলেন, “আমরা এর নামকরণ করেছি অপারেশন ব্ল্যাকফেস। রাজ্য পুলিশকে এই ধরনের ঘটনা মোকাবিলা করার ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রস্তুত করতে বলা হয়েছে”।

প্রসঙ্গত,  শিশুদের ওপর যৌন নিপীড়ন এবং শিশু নির্যাতন প্রতিরোধে ১৯৮৪ সাল থেকে কাজ করে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান এনসিএমইসি। অনলাইনে শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট ট্র্যাক করতেও বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে তারা। গত বছর এনসিএমইসির সঙ্গে একটি চুক্তি করে ভারত সরকার। এর ভিত্তিতে শিশু পর্নোগ্রাফি নিয়ে এই প্রতিবেদন প্রকাশ পেল।