রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গতকাল মঙ্গলবার কাজী গোলাপ হোসেন (৪৫) নামে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাবলু পরিবহন নামে একটি বাস কোম্পানির টিকিট কাউন্টার ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান বলেন, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির বাসা থেকে গোলাপ হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নারানদিয়া মকোরা গ্রামে। তিনি ওই বাড়ির সপ্তম তলায় ছাদে একটি রুমে স্ত্রী ও মেয়েসহ ভাড়া থাকতেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, তার স্ত্রী ও সন্তান এক সপ্তাহ আগে শ্বশুরবাড়ি শ্রীমঙ্গলে বেড়াতে যায়। এ ক’দিন গোলাপ একাই বাসায় ছিল। তবে তিন যাবৎ সে বাস কাউন্টারে যায়নি। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাসার সিকিউরিটি গার্ডের স্ত্রী দীপা খানম ছাদে ময়লা পরিষ্কার করতে গিয়ে রুমের দরজা তালাবদ্ধ দেখেন। তবে পাশের জানালা খোলা দেখতে পান। জানালা দিয়ে উঁকি দিলে গোলাপকে বিছানার মধ্যে পড়া ও তার বিছানার চাদর ও বালিশের কাভারে রক্ত দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।