শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি পদে অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে একই দপ্তরের সহকারী পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।
গতবারও একই প্যানেল থেকে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি-জামায়াতপন্থী ‘মুর্শেদ-সায়েম প্যানেল’ থেকে ৯জন ও আওয়ামী লীগপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ ‘জয়নাল-উজ্জ্বল প্যানেল’ থেকে ২জন বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো. নাজমুল হক।
এছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে এই প্যানেল থেকে (যথাক্রমে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত) উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাহুল হক, উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ’ থেকে নির্বাচিত দুইজন হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় এ ফলাফল ঘোষণা দেওয়া হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৩ জন।
নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানজীম শামস্ ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী।