মাঝে মধ্যে মেজাজ হারিয়ে তিনি এমন সব কাণ্ড ঘটিয়ে বসেন যা রীতিমতো সমালোচনা উসকে দেয়। কিছুদিন আগে নিরাপত্তারক্ষীকে চড় মেরেছিলেন। এবার সালমান খান এক অনুরাগীর থেকে ছিনিয়ে নিলেন মোবাইল। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘রাঁধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং করতে গোয়া গিয়েছিলেন সালমান খান। গোয়া বিমানবন্দরেই ঘটনাটি ঘটে। ভাইজানকে চোখের সামনে দেখে সেলফি তুলতে যান এক যুবক। চোখ কটমট করে সালমান হঠাৎ ছো মারার মতো মোবাইল টানা দিয়ে হাঁটা শুরু করেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি ওখানেই কাজ করেন। বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবু ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
‘রাঁধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এ বছর ঈদে মুক্তি পাবে।