কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ক্যানটিনের পাশ দিয়ে একটি কুকুরকে এক মেয়ে নবজাতকের মরদেহ নিয়ে যেতে দেখা যায়। কর্তব্যরত আনসার সদস্যরা তা দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে হাসপাতাল ক্যাম্পের পুলিশ সদস্যরা কুকুরের মুখ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।
পরে নবজতাককে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে জানান, বিকেল ৫টার দিকে হাসপাতালের নার্সিং ক্যানটিনের পাশ দিয়ে একটি কুকুর নবজাতকটি কামড়ে নিয়ে যাচ্ছিল। এটি দেখে সেখানে থাকা আনসার সদস্যরা আমাদের খবর দেয়। পরে আমরা শাহবাগ থানায় জানালে তারা মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর সিদ্ধান্ত দেন। এরপরই মৃতদেহটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। মৃত অবস্থায় নবজাতকটি কেউ ওই এলাকায় ফেলে গেছে বলে ধারনা।