নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখলে রাখার আহ্বান আওয়ামী লীগ নেতার

ছাত্রলীগসহ দলের নেতাকর্মীদের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন সকাল থেকে ভোটকেন্দ্র ‘দখল ও নিয়ন্ত্রণে’ রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। 

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়ার এতে সভাপতিত্ব করেন।

সভায় আব্দুর রহমান বলেন, ১ ফেব্রুয়ারির ভোট হবে নৌকা মার্কার বিজয়ের ভোট। তাপসের বিজয় সুনিশ্চিত বলেই জামায়াত-বিএনপির প্রার্থী এই নির্বাচনকে ভণ্ডুল করা ও প্রশ্নবিদ্ধ করার জন্য বিদেশিদের কাছে নালিশ করছে। রগকাটা পার্টি, জামায়াত ও শিবিরের সন্ত্রাসী বাহিনীকে সারা দেশ থেকে ঢাকা শহরে জড়ো করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন ওই প্রার্থী।
আবদুর রহমান বলেন, আমি সবাইকে বলি, ওদের আগামীকাল থেকেই মাঠ থেকে উচ্ছেদ করার প্রস্তুতি আপনাদের নিতে হবে।

এ আওয়ামী লীগ নেতা আরো বলেন, ভোটের দিনে সাতসকালে আপনারা যার যার কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। লাইনে দাঁড়াবেন এবং ভোটকেন্দ্র আপনাদের দখলে রাখবেন। আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন, যেন কোনো ফাঁকফোকর দিয়ে সন্ত্রাসী, রগকাটা পার্টি, যুদ্ধাপরাধীরা ভোটকেন্দ্র অবস্থান না নিতে পারে। সে ব্যবস্থা আপনাদের করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সভায় বক্তব্য দেন। ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিলাল দের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা জেড এম পারভেজ সাজ্জাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।