দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ জিততে চান আকবররা

বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিল বাংলাদেশের যুবারা। আকবর আলী, তৌহিদ হৃদয়রা গ্রুপের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে কোনো বড় চ্যালেঞ্জ ছাড়াই। তবে নক আউট পর্বের তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

বৃহস্পতিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক বলে প্রতিপক্ষ বড় চ্যালেঞ্জ হয়েই এসেছে বাংলাদেশের সামনে। তবে অধিনায়ক আকবর আলী এই চ্যালেঞ্জ জিতে পা রাখতে চান সামনে।

কঠিন ম্যাচ হবে কথাটা মানছেন আকবর। কিন্তু বিশ্বাস রাখছেন নিজেদের ওপর, ‘আমার মনে হয় ফিফটি-ফিফটি চ্যালেঞ্জিং খেলা হতে চলেছে। কারণ তারা খুব ডিসেন্ট একটা সাইট। বোলিং-ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো করলে তাদের হারানো সম্ভব।’

‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। এরপর স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হারে রেখেই নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

পাকিস্তানের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ম্যাচে ব্যাটিংটা মোটেও ভালো হয়নি আকবরদের। ৩৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৫ ওভারে ১০৬ রান করতেই ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় রক্ষা পায় যুবারা। রান রেটে এগিয়ে থাকায় হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন।

আকবর সেই ম্যাচের প্রসঙ্গ টেনে বললেন, ‘পাকিস্তান ম্যাচে ব্যাটিং এতটা ভালো হয়নি। আমরা কিছু বাজে শট খেলছি। চেষ্টা করছি কীভাবে ভুলের সংখ্যা কমিয়ে আনা যায়।’

ব্যাটিং-বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা বধে আকবরদের পরিকল্পনা এ রকম, ‘ব্যাটিংয়ের দিকে আমরা মনোযোগ বেশি দিয়েছি। বোলিংয়ে আমরা ফার্স্ট পাওয়ার প্লে এবং লাস্ট পাওয়ার প্লে-তে টাইট বোলিংয়ের চেষ্টা করব। তাদের বিপক্ষে লাইন লেন্থ বজায় রাখার লক্ষ্য থাকবে।’

এদিকে স্বপ্নের পথে ইনজুরিও ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন ছিটকে গেছেন আসর থেকে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মেহেরব হাসান।  

অধিনায়ক আকবর বললেন, ‘ইনজুরির ওপর আমাদের কোনো হাত নেই। মৃত্যুঞ্জয়কে পাওয়া যাচ্ছে না। কিন্তু শামীম ম্যাচ শুরুর আগে সেরে উঠবে বলে আশাবাদী। টিম যে রকমই থাকবে সেটা নিয়েই আমাদের লড়াই করতে হবে।’

জিততে পারলে ২০১৬ আসরের পর দ্বিতীয়বারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে বাংলাদেশ। আর সেটি হলে পূর্ব ঘোষণা অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যাবেন দক্ষিণ আফ্রিকায়। আকবাররা বিসিবি প্রধানকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার স্বপ্নের কথা বলে গিয়েছিলেন দেশ ছাড়ার আগে। পারবেন তো যুবারা?

পচেফস্ট্রুমে দুই দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা ২টায়।