নির্বাচন নিয়ে কূটকৌশল আঁটছে আ.লীগ : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ কূটকৌশল আঁটছে। নির্বাচনের আগে তার সিগন্যালও তারা দিচ্ছে।

বুধবার বিকেলে দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মির্জা আসলাম আসিফের পক্ষে শাহজাহানপুরে প্রচারে নেমে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে নকল ব্যালট পেপার ছাপার অভিযোগ করেছিল। কিন্তু নির্বাচনের পরে দেশের জনগণসহ সবাই দেখল যে, এটা তারাই করেছিল আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার জন্য। এবার সিটি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ৩০ লাখ কর্মী ঢাকায় আনার যে অভিযোগ করছে, এটা তাদেরই কোনো কূটপরিকল্পনার অংশ এবং একটা সিগন্যাল বলে মনে হচ্ছে।

বিকেল ৩টায় শাহজাহানপুরের নিজ বাসা থেকে বেরিয়ে দিনের গণসংযোগ শুরু করেন মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। এ সময় তারা শাহজাহানপুরসহ ১১ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে গণসংযোগ চালান।

তাদের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, কাউন্সিলর প্রার্থী মির্জা শরিফসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।